জাতীয়

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন জামায়াত আমির

কিশোরগঞ্জ, ২৮ এপ্রিল – জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি নিজের পারিবারিক পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে তোলা প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি সংসদের কার্যবিবরণী থেকে ওই বক্তব্যের সংশ্লিষ্ট অংশটি এক্সপাঞ্জ বা প্রত্যাহারের দাবি জানান।

শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান বয়সে বড় হলেও তিনি অন্য কারও অবদানকে ছোট করার অধিকার রাখেন না। তিনি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করেছেন এবং আমার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার পরিচয়কে চ্যালেঞ্জ করেছেন। তিনি আরও বলেন, আমি কোন রাজনৈতিক আদর্শ অনুসরণ করব তা নির্ধারণ করা আমার নাগরিক অধিকার। রাষ্ট্র বা সংবিধান কাউকে এ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দেয়নি।

উনার এই বক্তব্য গুরুতর অপরাধের শামিল। বিরোধীদলীয় নেতা বলেন, ভালো কিছু শেখার প্রত্যাশা নিয়ে আমরা সংসদে এসেছি। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা গালি দেওয়ার মাধ্যমে কোনো বড় অর্জন সম্ভব নয়। যুক্তি শেষ হয়ে গেলে মানুষ সাধারণত ক্ষিপ্ত হয়। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই এবং যুক্তিনির্ভর সত্য কথা বলতে চাই যাতে এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়। পরে স্পিকার জানান, সংসদ সদস্যদের বক্তব্যে কোনো অসংসদীয় শব্দ থাকলে তা বিধি অনুযায়ী এক্সপাঞ্জ করা হবে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language