জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪৮

ঢাকা, ২৭ এপ্রিল – দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের লক্ষণ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৮ জন শিশু। এর মধ্যে ১ হাজার ৩৫৮ জন সন্দেহভাজন এবং ৯০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রায় সব বিভাগেই হামের প্রকোপ থাকলেও এখন পর্যন্ত রংপুর বিভাগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষ অবস্থানে রয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৩১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ২১০ জন।

সারাদেশের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত দেড় মাসে হাম ও হাম সন্দেহে মোট ২৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৪ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং ২২০ জন শিশু হামের লক্ষণ নিয়ে মারা গেছে। এই সময়ে সর্বমোট ৩৮ হাজার ৭৯ জন শিশু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৪ হাজার ৬৯৩ জন নিশ্চিত এবং ৩৩ হাজার ৩৮৬ জন সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত হয়েছে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language