অপতথ্য মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে

ঢাকা, ২৭ এপ্রিল – ভুল তথ্য এবং অপতথ্যের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান যে দেশে একটি শক্তিশালী মিডিয়া কমিশন গঠনের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে এবং এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নৈতিক ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
বর্তমানে বিশ্বব্যাপী গণমাধ্যম যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কীভাবে তাদের আধুনিক মিডিয়া ইকোসিস্টেম পরিচালনা করে তা থেকে আমরা শিক্ষা নিতে চাই। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গণমাধ্যম প্রযুক্তি এবং নীতিগত সহায়তার ক্ষেত্রে উভয় দেশ তথ্য আদান-প্রদান করবে।
মন্ত্রী আরও যোগ করেন যে পলিসি সাপোর্ট থেকে শুরু করে কারিগরি সহযোগিতার প্রতিটি ক্ষেত্রে মার্কিন অভিজ্ঞতা কাজে লাগাতে তথ্য মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাস যৌথভাবে কাজ করবে। এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এস এম/ ২৭ এপ্রিল ২০২৬









