উত্তর আমেরিকা

আলোচনা করতে চাইলে সরাসরি ফোন করতে পারে ইরান: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৭ এপ্রিল – চলমান সংঘাতের উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান যদি আলোচনা করতে চায় তবে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে। স্থানীয় সময় রবিবার ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি দৃঢ়তার সাথে দাবি করেন যে, ইরানের সাথে চলমান এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে আগ্রহী হয় তবে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি ফোন করতে পারে।

আমাদের অত্যন্ত সুরক্ষিত টেলিফোন লাইন রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তিনি বিষয়টিকে রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের মতে, ইরান পারমাণবিক অস্ত্র হাতে পেলে ইসরায়েল কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

তিনি পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের সমালোচনা করে বলেন যে, এই সমস্যা অনেক আগে থেকেই সমাধান করা উচিত ছিল। কেউ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়নি বলেই বর্তমানে আমাদের কঠোর হতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তার শাসনামলের অর্থনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে বলেন যে, তিনি ভিন্ন পথে হেঁটে এই সংকট সমাধানের চেষ্টা করছেন।

তার মতে, একটি দুর্দান্ত কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই তারা বিজয়ী হয়ে যুদ্ধ শেষ করবেন। অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি সংকট নিরসনে বিভিন্ন দেশ সফর করছেন। তিনি ইসলামাবাদ থেকে বর্তমানে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। মধ্যস্থতাকারীরা আশা করছেন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। এর আগে আরাগচি মাস্কাট ও পাকিস্তান সফর করলেও সরাসরি আলোচনার কোনো শক্তিশালী ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language