মধ্যপ্রাচ্য

দুর্নীতি মামলা: সহসা মুক্তি পাচ্ছেন না নেতানিয়াহু, ইঙ্গিত ইসরায়েলি প্রেসিডেন্টের

তেল আবিব, ২৭ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা থেকে তিনি সহসা মুক্তি পাচ্ছেন না। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগের সাম্প্রতিক এক বিবৃতিতে এমন ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার এক বিবৃতিতে হেরজগ জানিয়েছেন, মামলার বাদিপক্ষের সঙ্গে আপস-মীমাংসার সব প্রচেষ্টা যদি ব্যর্থ হয় তবেই তিনি নেতানিয়াহুর ক্ষমার আবেদনের বিষয়টি বিবেচনা করবেন।

প্রেসিডেন্ট মনে করেন, ক্ষমার আবেদন বিবেচনার আগে আদালতের বাইরে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালানো প্রয়োজন। প্রেসিডেন্টের এই অবস্থান থেকে স্পষ্ট যে এ বিষয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত আসছে না এবং নেতানিয়াহুকে আরও অনির্দিষ্টকাল আদালতে হাজিরা দিতে হবে। প্রায় এক দশক আগে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গসহ তিনটি দুর্নীতির অভিযোগ ওঠে।

২০১৯ সালে এসব অভিযোগের বিচারিক কার্যক্রম শুরু হয় যা বর্তমানেও চলমান রয়েছে। উল্লেখ্য যে গত নভেম্বরে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করার জন্য হেরজগকে আহ্বান জানিয়েছিলেন।

তবে ইসরায়েলি প্রেসিডেন্ট তখন স্পষ্ট করে দেন যে ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ প্রত্যাশিত নয়। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট হেরজগ বর্তমানে বাদিপক্ষের সঙ্গে নেতানিয়াহুর একটি আপস-মীমাংসার মধ্যস্থতা করার পরিকল্পনা করছেন। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যিনি দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language