ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ঘটনায় নেতানিয়াহুর নিন্দা ও উদ্বেগ প্রকাশ

তেল আবিব, ২৬ এপ্রিল – হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গুলির ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু এক বিবৃতিতে জানান যে, ওয়াশিংটন ডিসির এই ঘটনায় তিনি অত্যন্ত স্তম্ভিত। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি নিরাপদ থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। হামলায় আহত পুলিশ কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি মার্কিন সিক্রেট সার্ভিসের ত্বরিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য যে, ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই ডিনারে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করেন এক আততায়ী। পরে কোল টমাস অ্যালেন নামে ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দাকে ঘটনাস্থল থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই হামলার মূল লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প ছিলেন কি না, সে বিষয়ে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









