নেত্রকোনা

নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৯

নেত্রকোনা, ২৬ এপ্রিল – নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার বিকেলে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. খায়রুল ইসলাম রয়েছেন এবং বাকিরা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছেন। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বর্ণনায় জানা গেছে, শুক্রবার বিকেলে একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি নিতে থামেন সংসদ সদস্য। তিনি নামাজের জন্য মসজিদে গেলে ১৫টি মোটরসাইকেলে করে একদল যুবক এসে তার গাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

পরে রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে মাছুম মোস্তফা দাবি করেন যে, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে এবং হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী।

অন্যদিকে প্রধান আসামি আবু তাহের তালুকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং পরিস্থিতির খবর পেয়ে তিনি নিজেই তার দলের নেতাদের সেখানে পাঠিয়ে সংসদ সদস্যকে উদ্ধারের ব্যবস্থা করেন। তিনি এই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেছেন।

এই হামলার প্রতিবাদে শনিবার বিকেলে নেত্রকোনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language