যূক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্র জামিলের মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার

ওয়াশিংটন, ২৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার দশ দিন পর জামিল আহমেদ লিমন নামের এক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণা করছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জামিলের সাথে একই দিনে নিখোঁজ হওয়া অন্য বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ নাহিদা একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন।

পুলিশি তথ্য অনুযায়ী জামিল ও নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। নির্ধারিত সময়ে তাদের হদিস না পেয়ে এক পারিবারিক বন্ধু পুলিশে অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জামিলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান যে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর লাশের সন্ধান মেলে এবং নিখোঁজ অন্য শিক্ষার্থীকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language