জাতীয়

শাহ আমানতে এক সপ্তাহে ১৬ ফ্লাইট বাতিল, ধীরে ধীরে ফিরছে স্বাভাবিকতা

চট্টগ্রাম, ২৫ এপ্রিল – চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক সপ্তাহে ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ফ্লাইট পরিচালনার চিত্র অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার বিমানবন্দরের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি, ইউএস বাংলা এয়ারলাইনসের একটি, এয়ার আরাবিয়ার আটটি এবং সালামএয়ারের চারটি ফ্লাইট রয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে আগমন এবং বহির্গমন উভয়ই অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে শারজাহ দুবাই ও আবুধাবি রুটের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে দোহা রুটেও ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা অনুযায়ী দ্রুতই এসব রুটে পূর্ণাঙ্গ স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। বিমানবন্দরের রেকর্ড বলছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এ পর্যন্ত মোট ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় ক্রমান্বয়ে স্থিতিশীলতা ফিরে আসছে। যাত্রীদের সাময়িক অসুবিধা ও ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে নিরলস কাজ করে যাচ্ছে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language