জাতীয়

শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ছাত্রদল সভাপতির দুঃখ প্রকাশ

ঢাকা, ২৪ এপ্রিল – রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি আহত ব্যক্তিদের মব তৈরি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহবাগ থানার অভ্যন্তরে ও বাইরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি অভিযোগ করেন যে, একটি অনাকাঙ্ক্ষিত ফটোকার্ড প্রচারের ফলে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তিনি আরও বলেন, শাহবাগ থানায় যাকে অভিযুক্ত করা হয়েছিল তিনি ভেতরে ছিলেন এবং সেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো আজ যারা আহত হয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেখানে গিয়েছেন এবং পূর্বের মতো একটি মব তৈরির চেষ্টা চালিয়েছেন। ছাত্রদল সভাপতি তাদের প্রতি এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলার আহ্বান জানান। এ ছাড়া সাংবাদিকরা যারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন তাদের বিষয়েও পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। শেষে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় এ ধরনের পরিস্থিতি তৈরি করা কখনো কাম্য নয় এবং সবাইকে এ ধরনের রাজনীতি থেকে বের হয়ে আসার অনুরোধ জানান।

এস এম/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language