কামরাঙ্গীরচরে শ্রমিক হোস্টেলে যুবককে গলাকেটে হত্যা

ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীর কামরাঙ্গীরচর লেকপাড় এলাকায় ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুব আলী নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইয়াকুব আলীর বয়স পঁচিশ বছর।
তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ম্যাটাডোর কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং কোম্পানির হোস্টেলে থাকতেন। ম্যাটাডোর কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









