জাতীয়

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু: প্রথম দিনে পৌঁছালেন ৪৪৫৭ জন

ঢাকা, ১৯ এপ্রিল – পবিত্র হজ ২০২৬ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রার প্রথম দিনেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

হজ পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী সেখানে অবস্থান করছেন।

যাত্রার প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮০৩ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৭০ জন, সৌদি এয়ারলাইন্স চারটি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স একটি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক কাজ শুরু করেছে এবং প্রথম দিনেই প্রায় ২৭৫টি সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর গুরুতর চিকিৎসার প্রয়োজন হয়নি। স্বাস্থ্য কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার এই প্রক্রিয়া আগামী ২১ মে পর্যন্ত চলবে।

ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language