জাতীয়

ট্রাফিক জরিমানার নামে মোবাইল মেসেজে নতুন প্রতারণা: পুলিশের সতর্কবার্তা

ঢাকা, ১৮ এপ্রিল – মোবাইলে হঠাৎ একটি খুদে বার্তা বা মেসেজ এলো। তাতে লেখা, আপনার টোল বা ট্রাফিক জরিমানা বকেয়া রয়েছে এবং তা দ্রুত পরিশোধ করতে হবে। বার্তার নিচে দেওয়া আছে একটি লিংক। জরুরি মনে করে সেই লিংকে ক্লিক করলেই আপনি পা দিচ্ছেন বড় ধরনের একটি জালিয়াতির ফাঁদে। সম্প্রতি দেশজুড়ে ফিশিং লিংকের মাধ্যমে এমন প্রতারণার ঘটনা নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে। প্রতারক চক্র বিভিন্ন নম্বর থেকে নাগরিকদের মেসেজ পাঠিয়ে বিভ্রান্ত করছে।

এসব মেসেজে সরকারি বা স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হচ্ছে যেন মানুষ সেগুলোকে আসল মনে করে। কিন্তু বাস্তবে মেসেজে দেওয়া লিংকগুলো ভুয়া ওয়েবসাইট এবং এর মাধ্যমে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়। বিষয়টি নজরে আসায় সম্প্রতি ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজে একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয় যে ভুয়া মেসেজের মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায়ের কোনো প্রক্রিয়া পুলিশের নেই।

কোনো সার্জেন্ট সড়কে মামলা করলে একটি নির্দিষ্ট কেস আইডি দেওয়া হয় এবং কেবল নির্ধারিত নিয়মেই জরিমানা পরিশোধ করতে হয়। এসএমএসের মাধ্যমে আসা কোনো লিংকে ক্লিক করে অর্থ প্রদানের কোনো সুযোগ রাখা হয়নি। সাইবার বিশেষজ্ঞরা একে ফিশিং কৌশল হিসেবে চিহ্নিত করেছেন। এই পদ্ধতিতে জরুরি বার্তা দিয়ে ব্যবহারকারীকে প্রলুব্ধ করা হয়। লিংকে প্রবেশ করা মাত্রই ব্যবহারকারীর ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করতে পারে এবং গোপনে পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য চুরি হতে পারে।

এ ধরনের মেসেজে সাধারণত ডট টপ বা ডট ল্যাটের মতো অস্বাভাবিক ডোমেইন ব্যবহার করা হয়। সচেতনতার মাধ্যমে এ ধরনের জালিয়াতি এড়ানো সম্ভব। সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং কোনো তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও সবাইকে এমন মেসেজ এড়িয়ে চলা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language