রাজধানীর বাজারে সবজির দাম চড়া, বেশিরভাগই কেজিতে ১০০ টাকার ওপরে

ঢাকা, ১৭ এপ্রিল – অতিরিক্ত পরিবহন খরচ, মৌসুমের শেষ সময় এবং সরবরাহে ঘাটতির কারণে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে। বর্তমানে বাজারের অধিকাংশ সবজির দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে।
শুক্রবার রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রতি কেজি পটল ও ঝিঙ্গা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁকরোল, যার প্রতি কেজির দাম ১৬০ টাকা। এ ছাড়া প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ধন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং শসা ও বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অপেক্ষাকৃত কম দামি সবজির মধ্যে মূলা ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় কেনাবেচা হচ্ছে।
শান্তিনগর বাজারে আসা ক্রেতারা জানান, প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম চড়া থাকলেও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তদারকি নেই। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম।
অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে সরবরাহ কম এবং মৌসুম শেষ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বাড়তি পরিবহন খরচও খুচরা পর্যায়ে প্রভাব ফেলছে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









