মার্কিন কংগ্রেস নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাদ্দাম সেলিম

ওয়াশিংটন, ১৬ এপ্রিল – যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক সাদ্দাম আজলান সেলিম। নোয়াখালীর এই কৃতী সন্তান বর্তমানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট সেভেন আসন থেকে মনোনয়নের লড়াইয়ে নেমেছেন। একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সাশ্রয়ী জীবনব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে সাদ্দাম সেলিম তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রচারণার শুরুতেই তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেন যে, তার কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের জনজীবনে অস্থিরতা ও গণতন্ত্রের সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় দেশকে সঠিক পথে ফেরাতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই বলে তিনি মনে করেন। সাদ্দাম সেলিম ২০২৩ সালের নভেম্বরে বড় ধরনের চমক সৃষ্টি করেছিলেন। সেই নির্বাচনে তিনি টানা ১৬ বছরের অভিজ্ঞ সিনেটর চ্যাপ পিটারসনকে পরাজিত করে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটে নিজের জায়গা করে নেন।
ফেয়ারফ্যাক্স কাউন্টি, ফেয়ারফ্যাক্স সিটি ও ফলস চার্চ সিটির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তার শক্ত অবস্থান রয়েছে। মূলত তৃণমূলের মানুষের সাথে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করার কারণে তিনি দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন। আগামী ৪ আগস্ট ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেখানে সাদ্দাম সেলিমসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেমোক্র্যাটিক দলের এই শক্তিশালী ঘাঁটিতে মনোনয়ন লাভ করতে পারলে চূড়ান্ত নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যদি তিনি জয়ী হন, তবে ইতিহাস সৃষ্টি করে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি। এই সম্ভাবনা প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬





