চাঙ্গি বিমানবন্দরে নতুন প্রাইভেট টার্মিনাল ও লাইফস্টাইল হাব চালুর ঘোষণা

সিঙ্গাপুর, ১৫ এপ্রিল – সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাত্রীদের জন্য আরও উন্নত ও মানসম্পন্ন সেবার দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন প্রাইভেট টার্মিনাল এবং লাইফস্টাইল হাব চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ ও প্লাজা প্রিমিয়াম গ্রুপের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এতে থাকবে ডিলাক্স লাউঞ্জ, বার, প্রাইভেট স্যুট এবং বিশেষ ইভেন্ট আয়োজনের জন্য বহুমুখী মিলনায়তন।
চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে তারা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারিত টার্মিনাল এলাকাটি পুনর্নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু করেছে। নতুন এই কেন্দ্রটি বর্তমান হাব অ্যান্ড স্পোক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান করবে। টার্মিনাল ২ এর দক্ষিণ পাশে অবস্থিত এই ব্যক্তিগত টার্মিনালটি পরিচালনার দায়িত্বে থাকবে বিশ্বখ্যাত এয়ারপোর্ট লাউঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান সিএজি ও পিপিজি।
সিএজি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাং সিউ মিন বলেন যে বর্তমান সময়ে ভ্রমণকারীরা ফ্লাইটের আগে কেবল আরামদায়ক জায়গা নয় বরং প্রিমিয়াম অভিজ্ঞতা খোঁজেন। তাদের চাহিদার কথা বিবেচনা করে এখানে খাবারের পাশাপাশি সুস্থতা বিষয়ক বিভিন্ন পরিষেবা রাখা হবে।
অন্যদিকে পিপিজি এর চিফ ট্রান্সফরমেশন অফিসার মেই মেই সং প্রিমিয়াম যাত্রীদের শুরু থেকে শেষ পর্যন্ত একটি মানসম্পন্ন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিবৃতিতে আরও জানানো হয় যে নতুন কেন্দ্রে যাত্রী ও স্থানীয়দের জন্য সুস্থতা এবং পোষা প্রাণীদের বিশেষ সেবা থাকবে। এছাড়া চাঙ্গি বিমানবন্দরে প্রথমবারের মতো একটি অ্যাম্ফিথিয়েটার ও উন্মুক্ত চত্বর নির্মাণ করা হবে যেখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।
এস এম/ ১৫ এপ্রিল ২০২৬









