মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহকে নেতানিয়াহুর হুমকির পরই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩৫

বৈরুত, ১৩ এপ্রিল – লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নতুন করে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরপরই দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টার এই প্রাণঘাতী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে চালানো এই হামলায় ৩৫ জন নিহতের পাশাপাশি আরও ১৫২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ জনে। এর পাশাপাশি আহত হয়েছেন ৬ হাজার ৫৮৮ জন। নিহতদের মধ্যে ২৫২ জন নারী এবং ১৬৫ জন শিশু রয়েছে।

অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন ১ হাজার ১২০ জন নারী এবং ৬৪৪ জন শিশু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হুমকি দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহ যদি নিজেদের নিরস্ত্র না করে এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তিতে সম্মত না হয়, তবে লেবাননে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

এই হুমকির পরপরই একযোগে তীব্র হামলা শুরু করে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আগামী ১৪ এপ্রিল ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language