মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সাথে আলোচনার খবর নাকচ করল লেবানন

বৈরুত, ১৬ এপ্রিল – ইসরায়েলের সাথে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে লেবানন।

বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে কথা বলবেন। ইসরায়েলি মন্ত্রিসভার একজন সদস্যও অনুরূপ দাবি করেছিলেন। তবে লেবাননের একাধিক সরকারি সূত্র বিবিসিকে জানিয়েছে যে বর্তমানে দুই নেতার মধ্যে টেলিফোনে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নেই।

লেবাননের প্রেসিডেন্ট আউন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি এই আলোচনায় অংশ নেবেন না। যদিও প্রেসিডেন্টের কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করার আশঙ্কায় তারা সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

বর্তমানে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন নেতানিয়াহুর সাথে কথা বলা প্রেসিডেন্ট আউনের জন্য হিজবুল্লাহ এবং লেবাননের সাধারণ জনগণের সাথে সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেওয়া হলেও ইসরায়েল এখন পর্যন্ত তাদের সামরিক অভিযান বন্ধ করার কোনো ইঙ্গিত দেয়নি।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language