মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি হামলার অভিযোগ

বৈরুত, ১৭ এপ্রিল – লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরায়েলি আর্টিলারি হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে মেশিনগানের গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান চালানোর খবর পাওয়া গেছে।

এছাড়া পশ্চিম বেকা উপত্যকার রাশায়া অঞ্চল এবং জাবাল আল শেইখের পশ্চিম ঢালজুড়ে ইসরায়েলি নজরদারি বিমানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের এই যুদ্ধবিরতি ঘোষণা করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার পর এই পদক্ষেপ নেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত ৩টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে এই চুক্তি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জাফাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদে জানিয়েছেন, এই চুক্তি ইসরায়েলি জনগণের বড় একটি অংশের প্রত্যাশার পরিপন্থী। অনেকের ধারণা, ট্রাম্পের প্রবল চাপের কারণেই তেল আবিব এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ১৯৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ১৮৫ জন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি শুরুর পরপরই এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং চলমান শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলতে পারে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language