শিক্ষা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রির নির্দেশ মাউশির

ঢাকা, ১২ এপ্রিল – দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ধাপের বৃত্তির টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই তথ্য এন্ট্রি ও সংশোধনের কাজ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মাউশি সূত্র জানিয়েছে, রাজস্ব খাতভুক্ত সাধারণ ও মেধা বৃত্তির পাশাপাশি সংখ্যালঘু, উপজাতীয়, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিক ও পেশামূলক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে যুক্ত করতে হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে বর্তমানে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যও স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আপডেট করতে বলা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর ভুল থাকা বা ব্যাংক হিসাব নিষ্ক্রিয় হওয়ার কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির টাকা বাউন্স করেছে, তাদের তথ্য দ্রুত সংশোধন করতে হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থীর তথ্য আগে যুক্ত করা হয়নি, তাদেরও ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে হবে।

নির্দেশনায় কঠোরভাবে বলা হয়েছে, বৃত্তির গেজেটের সঙ্গে তথ্যের মিল না থাকলে অর্থ পাঠানো সম্ভব হবে না। যেকোনো ধরনের ভুল বা গাফিলতির জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শিক্ষার্থীদের সঠিক ব্যাংক হিসাব সচল রাখার বিষয়টি নিশ্চিত করতেও বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language