জাতীয়

২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

ঢাকা, ১২ এপ্রিল – দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে চার শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়টি শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫১টি শিশু।

গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ জন শিশু এবং নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯ জন। অন্যদিকে সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন। তবে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন শিশু।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button