মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ পারাপারের দাবি, ইরানের প্রত্যাখ্যান

তেহরান, ১১ এপ্রিল – মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ইরানের অবরোধ আরোপ করা হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো মার্কিন জাহাজ এই প্রণালি পার হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস শনিবার এক প্রতিবেদনে জানায়, ইরানের সঙ্গে কোনো ধরনের পূর্ব সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ নেওয়ার কথা জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মূলত বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে তারাও নির্বিঘ্নে এই পথ ব্যবহার করতে পারে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার পরপরই এমন দাবি সামনে এলো।

মার্কিন কর্মকর্তা জানান, উপসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তাদের যুদ্ধজাহাজটি অগ্রসর হয় এবং হরমুজ পার হয়ে আরব সাগরে পৌঁছায়। তিনি আরও দাবি করেন, এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন আখ্যা দিয়ে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান।

অন্যদিকে ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে মার্কিন জাহাজ পারাপারের খবরকে মিথ্যা বলে দাবি করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন যে, বিশ্বের সকল দেশের স্বার্থে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বর্তমানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই রয়েছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language