শিক্ষা

এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

রাজশাহী, ১১ এপ্রিল – আসন্ন ২০২৬ সালের এসএসসি ও সমমানের সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকাল ১১টায় রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। শিক্ষামন্ত্রী নির্দেশ দেন যে, পরীক্ষার সময় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখতে হবে।

কোনো অজুহাতেই ক্যামেরা বন্ধ রাখা যাবে না। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সিসি ক্যামেরা নেই, তাদের দ্রুততম সময়ের মধ্যে এটি কিনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ খাতে সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়মের জন্য কেন্দ্র সচিবকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনা হবে বলে মন্ত্রী সতর্ক করে দেন।

এ সময় তিনি দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কিছু শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে অনৈতিকভাবে অর্থ উপার্জনের আশায় শিক্ষা বোর্ডে ঘোরেন। শিক্ষকদের এই নেতিবাচক মানসিকতা দ্রুত পরিবর্তন করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যেসব স্কুল ও কলেজে কোনো শিক্ষার্থী পাস করবে না, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language