শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব, বরাদ্দ বাড়ছে জিডিপির ২ শতাংশে

ঢাকা, ১১ জুন – শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে আগামী অর্থবছরে এই খাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। নতুন বাজেটে শিক্ষা খাতের জন্য মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা জিডিপির ২ শতাংশের সমপরিমাণ।
গত অর্থবছরে এই বরাদ্দের হার ছিল জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে যে রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতকে পুনর্গঠন করে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।
শিক্ষা কারিকুলামের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে বিশেষ পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি মেধাবীদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করতে ব্রেইন ড্রেইন থেকে ব্রেইন সার্কুলেশন প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই সামগ্রিক উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এস এম/ ১১ জুন ২০২৬









