মধ্যপ্রাচ্য

ইরানে হামলা শেষ, যেকোনো সীমালঙ্ঘনের কড়া জবাব দেবে ইসরায়েল

তেল আবিব, ৮ এপ্রিল – ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো পক্ষ সীমালঙ্ঘন করলে তার কড়া জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানে আপাতত এক দফা হামলা শেষ করে গোলাবর্ষণ বন্ধ রাখা হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্থল অভিযান অব্যাহত থাকবে। বিবিসির এক প্রতিবেদনে আইডিএফের এই বিবৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ইরানে বর্তমানে হামলা স্থগিত রেখেছে ইসরায়েল।

অন্যদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও জোরদার করতে মঙ্গলবার সেনাবাহিনীর ৯৮তম ডিভিশন মোতায়েন করেছে তেল আবিব। এর মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা বৃদ্ধি করা হলো। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই অনুপ্রবেশ কতটা প্রসারিত হবে, তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, নতুন মোতায়েন করা এই ডিভিশন সামনের সারির প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সম্ভাব্য হুমকি দূর করতে কাজ করবে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজার চেয়েও বেশি জটিল হওয়ায় এটি ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই অভিযানের মূল লক্ষ্য হলো হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে হটিয়ে দেওয়া এবং সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া।

এস এম/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language