ক্রিকেট

নিচের ব্যাটারদের ব্যর্থতায় হতাশ লিটন, হোয়াইট বল ক্রিকেটে উন্নতির তাগিদ

ঢাকা, ০২ মে – বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নিচের সারির ব্যাটারদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। তার মতে, ম্যাচের শেষ দিকে দলের ব্যাটিং একেবারেই কার্যকর ভূমিকা রাখতে পারছে না, যা সামগ্রিক পারফরম্যান্সে বড় প্রভাব ফেলছে।

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের চিত্রও সেই ব্যর্থতার প্রতিফলন। শেষ ৬ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান যোগ করতে পেরেছে দলটি। শেষ পাঁচ ব্যাটার মিলে করেছেন মাত্র ১৪ রান, যা দলের নিচের সারির দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

অলরাউন্ডার পরিচয়ধারী শেখ মেহেদী ৬ বলে অপরাজিত ৭ রান করেন। মোহাম্মদ সাইফউদ্দিন এক বল খেলে আউট হন শূন্য রানে, আর রিশাদ হোসেন করেন ৪ বলে ৫ রান।

নিচের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের জবাবে লিটন দাস বলেন, টি-টোয়েন্টিতে নির্দিষ্টভাবে ‘নম্বর সেভেন’ ব্যাটসম্যানকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা কঠিন, কারণ দল গঠনে বোলিং ভারসাম্যও গুরুত্বপূর্ণ। তার ভাষায়, একাধিক বোলারকে ২০ ওভারের কোটায় ব্যবহার করতে হলে নিচের দিকে এমন ব্যাটার পাওয়া কঠিন, যিনি একই সঙ্গে ব্যাটিং ও বোলিং—দুটোতেই কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, “নম্বর সেভেনে এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন, যে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও চার ওভার দিতে পারবে। যদি কেউ থাকত, তাহলে আমরা অবশ্যই তাকে খুঁজে নিতাম।”

অধিনায়ক স্পষ্টভাবে স্বীকার করেন যে শুধু টি-টোয়েন্টিই নয়, ওয়ানডে ফরম্যাটেও শেষ দিকের ব্যাটিং ব্যর্থতা দলকে ক্ষতিগ্রস্ত করছে। তার মতে, হোয়াইট বল ক্রিকেটে উন্নতি করতে হলে নিচের সারির ব্যাটিং সক্ষমতা বাড়ানো জরুরি।

লিটন বলেন, “আমাদের শেষ দিকের ব্যাটাররা যদি রান যোগ করতে পারে, তাহলে দল অনেক উপকৃত হবে। কিন্তু দুই সিরিজেই দেখা যাচ্ছে, ৫-৬ উইকেট পড়ে যাওয়ার পর আমরা শেষদিকে কার্যকর রান তুলতে পারছি না।”

সবমিলিয়ে, বাংলাদেশ দলে ব্যাটিং গভীরতা নিয়ে উদ্বেগ আরও একবার সামনে এসেছে। বিশেষ করে চাপের মুহূর্তে নিচের সারির ব্যাটারদের ব্যর্থতা ভবিষ্যৎ পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এনএন/ ০২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language