বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার। তিনি সাংবাদিক মহলে কামাল উদ্দিন সবুজ নামে অধিক পরিচিত। বর্তমানে তিনি দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে অন্যান্য পেশা, ব্যবসা এবং সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সমস্ত কর্মসম্পর্ক ছিন্ন করার শর্তে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ হবে এক বছর।
এর আগে কামাল উদ্দিন সবুজ বাসসের বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বাসসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হলেন। কিছুদিন আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য একটি প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের আবেদনের ভিত্তিতে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









