বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

ঢাকা, ৬ এপ্রিল – বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই কর্মসূচি চলবে। জাটকা আহরণ, ক্রয় বিক্রয় ও মজুদ করা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত কড়া নজরদারি অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া আসন্ন বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









