গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ*ত্যুহীন দেশ, নতুন আক্রান্ত ৩০ জন

ঢাকা, ৫ এপ্রিল – গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩০ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন এবং চট্টগ্রাম বিভাগে চারজন রয়েছেন।
এছাড়া ঢাকা বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৭ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট এক হাজার ৮৩৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৪০ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মোট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









