কলকাতা পর্যন্ত হামলার হুমকি খাজা আসিফের, কড়া জবাব রাজনাথের

দিল্লী, ৫ এপ্রিল – ভারত এবং পাকিস্তানের মধ্যে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত হানতে পারে বলে কড়া মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে পহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য নতুন করে সামনে এসেছে।
ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। খাজা আসিফ দাবি করেন ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর চেষ্টা করে তবে তার কঠোর জবাব দেওয়া হবে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তিনি আরও জানান পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে থাকলেও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রয়োজনে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বেশ কড়া অবস্থান নিয়েছেন। কেরালার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাবে ভারত নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করবে। তিনি দাবি করেন ২০২৫ সালের পহেলগাম হামলার পর পরিচালিত সামরিক অভিযানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
রাজনাথ সিং বলেন এ ধরনের অভিযান এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতেও প্রয়োজনে ভারত আরও কঠোর জবাব দিতে পিছপা হবে না। বর্তমান এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









