জাতীয়

সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু হচ্ছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

কক্সবাজার, ১১ এপ্রিল – পর্যটন খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াইফাই চালুর কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনের পর পর্যায়ক্রমে দূরপাল্লার ট্রেনগুলোতে ফ্রি ওয়াইফাই সেবা চালুর কাজ শুরু হয়েছে।

পর্যটন কেন্দ্রগুলোকেও এই সুবিধার আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে।

সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা অত্যন্ত জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজতর হবে।

এছাড়া উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহেন আসিফ আসাদ। আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বিটিসিএলের ইন্টারনেট সংযোগ নিয়ে গ্রাহক পর্যায়ের বিভিন্ন ভোগান্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন। এরপর তিনি বিটিসিএল, টেলিটক, সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language