মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ৬ বাংলাদেশির মৃ*ত্যু, প্রবাসীদের নিরাপত্তায় সরকার সক্রিয়

ফরিদপুর, ৪ এপ্রিল – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা সম্ভব হয়েছে। রেমিট্যান্স যোদ্ধারা যেন প্রবাসে নিরাপদে বসবাস এবং কাজ করতে পারেন সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করছে। শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমনেচ্ছুক অনেক প্রবাসী বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিদেশে কর্মী পাঠানোর নামে বিভিন্ন প্রতারক চক্র অসহায় মানুষদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
পরিদর্শনকালে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগরকান্দা ভূমি অফিস এবং সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









