অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ভিজিটর ভিসা দ্রুত হচ্ছে, তবে স্থায়ী ভিসায় দীর্ঘসূত্রতা

ক্যানবেরা, ৪ এপ্রিল – অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ দ্রুততর করেছে। তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা রয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। নতুন তথ্যানুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি করা হচ্ছে। ভিজিটর ভিসার বেশিরভাগ আবেদন এক দিনেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। তবে প্রক্রিয়াকরণের সময় নির্ভর করছে আবেদনপত্রের পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর।

অস্থায়ী দক্ষ কর্মী ভিসা প্রক্রিয়াকরণে গড়ে ৮৭ দিন সময় লাগছে। অসম্পূর্ণ আবেদন জমা দিলে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার বাইরে থেকে জমা দেওয়া শিক্ষার্থী ভিসার আবেদন বিভিন্ন নীতিমালার আওতায় মূল্যায়ন করা হয়। তাই কোর্স শুরুর অনেক আগে এবং সব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। অন্যদিকে স্থায়ী ভিসা প্রক্রিয়ায় তুলনামূলক বেশি সময় লাগছে। দক্ষ কর্মী স্থায়ী ভিসা পেতে গড়ে ৯ মাস এবং পার্টনার ভিসায় প্রায় ১৭ মাস সময় লাগছে।

সরকারি অগ্রাধিকারের ভিত্তিতে এসব আবেদন প্রক্রিয়া করা হয়। বিশেষ করে আঞ্চলিক এলাকায় নিয়োগদাতার মাধ্যমে আবেদনকারী এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে কর্মরতদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রক্রিয়াকরণের সময় নিয়মিত হালনাগাদ করা হয় এবং ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন কারণে তা ভিন্ন হতে পারে। সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে বিলম্ব কমানো সম্ভব।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language