যশোরে সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর, ২ এপ্রিল – যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ সুজা উদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আটক সুজা উদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এদিন সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তারা যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় তল্লাশি চালান। এই সময় বেনাপোলগামী একটি বাস থেকে সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের হীরা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত হীরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানান, তিনি এই হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত হীরার মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা এবং বৈদেশিক মুদ্রার মূল্য ৫ হাজার ৫৩০ টাকা।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত হীরা ও মুদ্রা যশোরের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









