‘জঙ্গি এমপি’ সম্বোধনের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করলেন হানজালা

ঢাকা, ২ এপ্রিল – জাতীয় সংসদে প্রবেশের সময় পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মাদারীপুর-১ আসনের এই সংসদ সদস্য সংসদ অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন পর্বে দাঁড়িয়ে স্পিকারের কাছে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
হানজালা অভিযোগ করেন যে, সম্ভবত তার পোশাক এবং পাগড়ির কারণেই তাকে এমন আপত্তিকর কথা শুনতে হয়েছে। সংসদ ভবন এলাকার ভেতর একজন সংসদ সদস্যকে এভাবে কটূক্তি করার বিষয়ে সিসি ক্যামেরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্পিকার তাকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সময়ে সংসদ সদস্য রুমিন ফারহানাও নারী এমপিদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিকার দাবি করেন।
এর আগে বুধবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এমপি হানজালাকে কটাক্ষকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদ এলাকায় জনপ্রতিনিধির সম্মান এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, কোনো প্রমাণ ছাড়া একজন আলেম জনপ্রতিনিধিকে জঙ্গি বলা রাজনৈতিক ও আদর্শিক বিদ্বেষের বহিঃপ্রকাশ। দাড়ি এবং টুপি দেখলেই এমন তকমা লাগানো আলেম সমাজের অস্তিত্বের ওপর বড় আঘাত।
বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে কটাক্ষকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে সারাদেশের ইসলাম প্রিয় জনতা আন্দোলনে নামতে বাধ্য হবে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









