দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় কুমিল্লার প্রবাসী বাংলাদেশির মৃত্যু

তেহরান, ২ এপ্রিল – মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার জেরে দুবাইয়ে ইরানি মিসাইলের আঘাতে মো. শাহ আলম ভূঁইয়া নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ৫০ বছর বয়সী শাহ আলমের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে। বুধবার সকাল আটটার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইরান থেকে ছোড়া একটি মিসাইলের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হামলার সময় ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষ চারদিকে ছুটতে শুরু করে। শাহ আলমের মৃত্যুর খবরে দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হবে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬



