জাতীয়
১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন নেবে না সুইডেন দূতাবাস

ঢাকা, ২ এপ্রিল – আগামী ১৫ এপ্রিলের পর থেকে ঢাকার সুইডেন দূতাবাস আর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না। বৃহস্পতিবার শেনজেন ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সুইডেন দূতাবাস এখন থেকে শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবালের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।
এর পর থেকে পোল্যান্ড যদি কারও শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয়, তবে তাকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাদের আপডেট করা পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে সুইডেন দূতাবাস।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









