দক্ষিণ এশিয়া

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান দালাই লামার

তেহরান, ৩১ মার্চ – বৈশ্বিক উত্তেজনা হ্রাসের লক্ষ্যে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি সতর্ক করে বলেছেন, সহিংসতা অব্যাহত থাকলে বিশ্বে নতুন করে আরও সংঘাত বৃদ্ধি পাবে। মঙ্গলবার এক চিঠিতে তিনি উল্লেখ করেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সহিংসতা কেবল আরও সহিংসতার জন্ম দেয়। এটি কখনোই শান্তির স্থায়ী ভিত্তি হতে পারে না।

শান্তিতে নোবেলজয়ী এই নেতা মনে করেন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও ইউক্রেন সংকটসহ অন্যান্য বৈশ্বিক সংঘাতের স্থায়ী সমাধান সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে হওয়া উচিত। সবাইকে ভাইবোন হিসেবে বিবেচনা করার ওপর জোর দিয়ে তিনি সংঘাতের দ্রুত অবসান কামনা করেন। ভারতে আশ্রয়ে থাকা ৯০ বছর বয়সী এই আধ্যাত্মিক নেতা পোপ লিও চতুর্দশের পাম সানডে ভাষণে দেওয়া শান্তির বার্তাকেও সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, অস্ত্র ত্যাগ এবং সহিংসতা পরিহারের জন্য পোপের আহ্বান তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। কারণ এটি বিশ্বের সব প্রধান ধর্মের মূল শিক্ষাকে তুলে ধরে। দালাই লামা আরও বলেন, খ্রিষ্ট, বৌদ্ধ, ইসলাম, হিন্দু বা ইহুদি ধর্মসহ বিশ্বের যেকোনো আধ্যাত্মিক ঐতিহ্যের মূল বার্তাই হলো ভালোবাসা, সহানুভূতি, সহনশীলতা ও আত্মসংযম। কোনো ধর্মেই সহিংসতার স্থান নেই।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language