লেবাননে ৩ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত, আন্তর্জাতিক আইন মানার আহ্বান জাকার্তার

বৈরুত, ৩১ মার্চ – লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর তিন ইন্দোনেশীয় সদস্য নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিবদমান পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার কঠোর আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত এক বিবৃতিতে জানিয়েছেন শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। সংঘাতরত সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি শান্তিরক্ষা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক ও চিকিৎসাকর্মী নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় ওই তিন ইন্দোনেশীয় জাতিসংঘ শান্তিরক্ষী প্রাণ হারান। লেবাননে মোতায়েনরত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানায় সোমবার দক্ষিণ লেবাননের বানি হাইয়ানের কাছে অজ্ঞাত উৎস থেকে ঘটা এক বিস্ফোরণে তাদের বহনকারী গাড়িটি ধ্বংস হয়ে যায়। এতে দুই শান্তিরক্ষী নিহত এবং আরও দুজন আহত হন।
এর আগে রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যবর্তী সময়ে দক্ষিণ লেবাননের আদচিত আল কুসায়র গ্রামের কাছে শান্তিরক্ষীদের একটি অবস্থানের কাছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়ে অপর এক ইন্দোনেশীয় সেনা নিহত হন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গত ২ মার্চ ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর এটিই জাতিসংঘ শান্তিরক্ষী নিহতের প্রথম ঘটনা।
ইউএনআইএফআইএল মুখপাত্র ক্যান্ডিস আরডিয়েল জানিয়েছেন ঘটনা দুটি সম্পূর্ণ আলাদা এবং পৃথকভাবেই এগুলোর তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিচয় নিশ্চিত করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনার পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা এবং এই জঘন্য হামলার দ্রুত তদন্তের জোর দাবি জানিয়েছেন।
এস এম/ ৩১ মার্চ ২০২৬









