সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আসছে স্টারলিংক হাই-স্পিড ইন্টারনেট

সিঙ্গাপুর, ৪ মে – বিমানে বসে নিরবচ্ছিন্নভাবে নেটফ্লিক্স দেখা কিংবা বড় কোনো ফাইল আদান-প্রদান করা এখন আর আকাশকুসুম কল্পনা নয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স (এসআইএ) তাদের নির্বাচিত কিছু ফ্লাইটে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গত ৪ মে এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে পর্যায়ক্রমে এই সেবা চালু হবে এবং ২০২৯ সালের শেষ নাগাদ তা পূর্ণতা পাবে।
স্টারলিংকের এই উচ্চগতিসম্পন্ন সেবা পাওয়া যাবে এয়ারবাস এ৩৫০-৯০০ লং-হল, এ৩৫০-৯০০ আলট্রা-লং-রেঞ্জ এবং এ৩৮০ মডেলের বিমানগুলোতে। স্টারলিংক হাজার হাজার লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করায় তথ্য আদান-প্রদানের দূরত্ব কমে আসে, যার ফলে ইন্টারনেটের গতি অনেক বেশি এবং ল্যাগ বা বিলম্ব অনেক কম হয়।
নেটওয়ার্ক ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান উকলার তথ্য অনুযায়ী, ইউনাইটেড এয়ারওয়েজে স্টারলিংকের মাধ্যমে ৩২০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া গেছে, যা প্রথাগত ইনটেলস্যাটের ৫৬ এমবিপিএস গতির চেয়ে কয়েক গুণ বেশি। সবচেয়ে বড় বিষয় হলো, সকল কেবিন ক্লাসের যাত্রীরাই বিনামূল্যে এই উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
বিমান উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত যাত্রীরা ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, গেমিং এবং বড় ফাইল পাঠানোর মতো কাজগুলো অনায়াসেই করতে পারবেন। এসআইএর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়ো ফি তেইক বলেন যে, স্টারলিংক বিমান ভ্রমণে ইন্টারনেট অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।
কাতার এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ভার্জিন আটলান্টিকের মতো নামি প্রতিষ্ঠানগুলোর পর এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সও এই প্রযুক্তির সাথে যুক্ত হলো। সম্প্রতি এমিরেটসও তাদের প্রথম স্টারলিংক-সজ্জিত ফ্লাইটের সফল পরিচালনা সম্পন্ন করেছে।
এস এম/ ৪ মে ২০২৬









