জাতীয়

পশ্চিমবঙ্গে পালাবদল: সম্পর্কের সমীকরণে প্রভাব পড়বে না, দাবি শামা ওবায়েদের

ঢাকা, ৪ মে – ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপির ঐতিহাসিক জয়ের মুখে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থান পরিষ্কার করেন।

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশ তার নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে।” মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিনের যে কূটনৈতিক বোঝাপড়া, তা রাজ্য সরকারের পরিবর্তনের কারণে ব্যাহত হবে না বলেই আশ্বস্ত করেন তিনি।

আলোচনায় উঠে আসে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ কিছু অমীমাংসিত ও চলমান ইস্যু: যেমন -গঙ্গা পানিবণ্টন চুক্তি, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। প্রতিমন্ত্রী জানান, চুক্তির মেয়াদ নবায়নের বিষয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

ভিসা প্রক্রিয়া স্বাভাবিকীকরণ: ভারতীয় ভিসা পেতে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তা নিরসনে ইতিবাচক তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং শীঘ্রই ট্যুরিস্ট ভিসাসহ সব ধরণের কার্যক্রম পুরোদমে শুরু হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে তিস্তা বা গঙ্গা পানিবণ্টনের মতো ইস্যুগুলোতে দিল্লির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হতে পারে। কারণ, আগে অনেক ক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তির কারণে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত হতো। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্য সেই পরিবর্তনের মুখে বাংলাদেশের একটি ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী কূটনৈতিক অবস্থানেরই প্রতিফলন।

উল্লেখ্য, ২০২৬ সালের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর শামা ওবায়েদের জন্য ভারতের সঙ্গে এই নতুন রাজনৈতিক সমীকরণ সামলানো একটি বড় কূটনৈতিক পরীক্ষা।

এনএন/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language