নওগাঁ

বদলগাছীতে ফসলের মাঠ খুঁড়তেই মিলল ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি

নওগাঁ, ২৯ মার্চ – নওগাঁর বদলগাছী উপজেলায় একটি ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠ থেকে এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক দেউলিয়া গ্রামের ওই মাঠে কৃষিকাজ করতে যান।

কাজ করার একপর্যায়ে তারা কোদাল দিয়ে মাটি খুঁড়লে বেশ কয়েকটি গুলি দেখতে পান। বিষয়টি তাদের মধ্যে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি করে। পরবর্তীতে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় বদলগাছী থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মাটি খুঁড়ে মোট ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই গুলিগুলো কোথা থেকে এসেছে বা কারা সেখানে পুঁতে রেখেছিল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language