বলিউড

আট বছর পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা, থাকছেন আল্লু অর্জুনও!

লন্ডন, ২৪ মার্চ – দীর্ঘ আট বছরের বিরতি শেষে আবারও রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কান পাতলেই বলিউডে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। দক্ষিণী সিনেমার নন্দিত নির্মাতা অ্যাটলির একটি নতুন তেলুগু সিনেমার মাধ্যমে আনুশকার এই প্রত্যাবর্তন হতে পারে। শুধু তাই নয়, এই সিনেমায় তার সঙ্গে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকেও। সবকিছু ঠিক থাকলে কল্পবিজ্ঞান ঘরানার একটি সিনেমায় অভিনয় করবেন আনুশকা, যা তার ক্যারিয়ারে প্রথমবার।

গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন ছাড়াও রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীরা থাকবেন। এর মধ্যে রাশমিকাকে প্রথমবারের মতো খলনায়িকার চরিত্রে দেখা যেতে পারে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে একাধিক চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব তথ্য এখনও কেবল গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

নির্মাতা অ্যাটলি বা আনুশকা শর্মা কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তারা লন্ডনে বসবাস করছেন। আনুশকা শর্মাকে সর্বশেষ ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে জিরো সিনেমায় দেখা যায়। বক্স অফিসে সিনেমাটি তেমন সাফল্য পায়নি। পরবর্তীতে ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস সিনেমায় তার কাজ করার কথা থাকলেও সেটি অসম্পূর্ণ রয়ে যায়।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language