শিক্ষা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ৫ এপ্রিল

ঢাকা, ২২ মার্চ – আগামী ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে এই প্রবেশপত্র হস্তান্তর করা হবে। এরপর ৭ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্রসচিবদের কাছে প্রবেশপত্র দেওয়া হবে।

অন্যদিকে ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ এবং কিশোরগঞ্জের কেন্দ্রসচিবরা প্রবেশপত্র সংগ্রহ করবেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িত করে অফিস চলাকালীন প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র নেওয়ার দায়িত্ব দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র সতর্কতার সঙ্গে যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো ত্রুটি থাকলে বা প্রবেশপত্র কমবেশি হলে তা সংশোধনের জন্য ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট ছকে পরীক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ভুলের বিবরণ লিখে এই আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা না হলে এবং এর ফলে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকেই এর দায়ভার বহন করতে হবে।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language