ফার্সি নববর্ষ ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোজতবা খামেনি

তেহরান, ২১ মার্চ – ফার্সি নববর্ষ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
দেশটির গণমাধ্যমে তার এই লিখিত শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে। বার্তায় তিনি উল্লেখ করেন যে এ বছর আধ্যাত্মিকতার বসন্ত পবিত্র ঈদুল ফিতর এবং প্রকৃতির বসন্ত তথা প্রাচীন উৎসব নওরোজ একই সঙ্গে সমাগত হয়েছে। তিনি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে দেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন।
গত জানুয়ারিতে ইরানে হওয়া সরকারবিরোধী বিক্ষোভকে একটি অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন মোজতবা খামেনি। তিনি দাবি করেন অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে এই পরিস্থিতি দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।
নতুন সৌর বছরকে তিনি জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর হিসেবে ঘোষণা দিয়েছেন। তবে তাকে নিয়ে ইরান সরকারের ব্যাপক প্রচারণা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান উপস্থিতি লক্ষ করা যায়নি। ফলে মোজতবা খামেনির শারীরিক অবস্থা বা তার আঘাতের মাত্রা এবং ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দেশটিতে ক্রমশ জল্পনা বৃদ্ধি পাচ্ছে।
এনএন/ ২১ মার্চ ২০২৬









