মধ্যপ্রাচ্য

ইসরায়েলের আবাসিক ভবনে মিলল ইরানের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র

জেরুজালেম, ২০ মার্চ – ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতের জেরে সর্বশেষ হামলায় ইসরায়েলের রেহোভত শহরের একটি আবাসিক বাড়িতে একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে।

স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী তেল আবিব থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রেহোভত শহরের ওই বাড়িটিতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের পাঠানো ছবিতে দেখা যায়, বাড়িটির মেঝেতে একটি বিশাল আকারের বোমা পড়ে আছে। এই হামলায় ঘরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আশ্চর্যের বিষয় হলো বসার ঘরের বড় একটি অংশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীরা উপস্থিত হয়ে বোমাটি নিবিড়ভাবে পরীক্ষা করছেন।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বা আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়েছে।

এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইসরায়েলের কেন্দ্রস্থল, দক্ষিণ ও উত্তরাঞ্চলে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইট, রাডার এবং প্রতিরক্ষা কেন্দ্র।

এ এম/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language