রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত

ঢাকা, ২১ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীতে একটি ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি পুরানা পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান ও শাহীন আহমেদ খান।
মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে এসেছে। এই উৎসব ধনী ও গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের অনুপ্রেরণা জোগায়। বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। নাগরিক হিসেবে মানুষ তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা চায়। জাতির এই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দল হিসেবে সরকারকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দেশের শান্তি, মানুষের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দলটি সংসদের ভেতরে ও বাইরে জনগণের পক্ষে জোরালো ভূমিকা পালন করবে।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, ঠিক একইভাবে নতুন বাংলাদেশ গঠনেও সবাইকে এগিয়ে আসতে হবে। দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারা একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক জনপদ গড়ে তোলার ওপর জোর দেন। সমাবেশ শেষে দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
এনএন/ ২১ মার্চ ২০২৬









