জাতীয়

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

ঢাকা, ২১ মার্চ – এক মাসের সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাতটায় এই জামাত শুরু হয়। প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাতটার পর যথাক্রমে সকাল আটটা, সকাল নয়টা, সকাল দশটা ও বেলা পৌনে এগারোটায় বাকি জামাতগুলো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম। অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে।

প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তাঁর অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে ঈদের জামাতে শরিক হবেন। এ ছাড়া প্রধান জামাতে বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।

এনএন/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language