ঈদে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ দফা নির্দেশনা

ঢাকা, ১৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে জরুরি বিভাগ, লেবার রুম, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান এবং এমআরআই সেবা সার্বক্ষণিক চালু রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
কর্মস্থলে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে ছুটি মঞ্জুর করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব এবং এক্সরে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে।
উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল সেবা চালু রাখতে হবে। ছুটি শুরু হওয়ার আগেই পর্যাপ্ত ওষুধ, সার্জিক্যাল সামগ্রী মজুত ও তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স সার্ভিসও সার্বক্ষণিক সচল রাখতে হবে। ছুটির সময়ে হাসপাতালের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে আগাম পত্র দেওয়া এবং অগ্নিনির্বাপণ বিষয়ে সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।
বহির্বিভাগ একাধারে ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমকে অবহিত করতে বলা হয়েছে।
এনএন/ ১৯ মার্চ ২০২৬









