মধ্যপ্রাচ্য

জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা নিকৃষ্ট ব্ল্যাকমেইল: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

রিয়াদ, ১৯ মার্চ – দখলদার ইসরায়েলের দ্বারা ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্রে হামলার জের ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিল ইরান। সেই হুমকি অনুযায়ী তারা হামলাও চালিয়েছে। এই ঘটনার কড়া সমালোচনা করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ ইরানের হামলাকে জঘন্য ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, তাদের জ্বালানি অবকাঠামোতে ইরানের এই হামলা নিকৃষ্ট ধরনের ব্ল্যাকমেইলের সমতুল্য। সৌদি মন্ত্রী যখন অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালায় ইরান। প্রিন্স ফয়সাল মনে করেন, ঠিক বৈঠকের সময় হামলা চালিয়ে ইরান মূলত এটা বোঝাতে চেয়েছে যে তারা থামবে না। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এ ধরনের বার্তা কোনো কাজে আসবে না।

তিনি আরও বলেন, বৈঠক চলাকালীন এই হামলার মূল উদ্দেশ্য ছিল উপস্থিত সবাইকে ভয় দেখানো। কিন্তু তারা কেউই ভীত নন। তিনি জোর দিয়ে বলেন, ইরান যদি এভাবেই আচরণ করতে থাকে, তবে তাদের কোনো বৈধ সহযোগী হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এই ঘটনার পর ইরানের ওপর যে সামান্যটুকু আস্থা অবশিষ্ট ছিল, তা পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language